রাঙামাটি সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মঈন উদ্দীন বলেছেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বাঙালির সকল জাতিগোষ্টি, সম্প্রদায়ের লোককে ঐক্যবদ্ধ হতে হবে। দুর্গোৎসব বাঙালির একটি প্রাচীন উৎসব। এ উৎসব যদিও সনাতন ধর্মের লোকদের ধর্মীয় উৎসব, তবুও এটা হচ্ছে সার্বজনীন উৎসব। এ উৎসবের সময় সবাই আনন্দ করে থাকে। এই দুর্গোৎসব হোক সকল জাতির, সকল ধর্মের মানুষের মিলন মেলা।

মঙ্গলবার বিকেলে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মমতাময়ী ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মমতাময়ী প্রকাশনা পরিষদের আয়োজনে রাঙামাটি শহরের প্রাচীন মন্দির তবলছড়ি কেন্দ্রীয় রক্ষাকালী মন্দিরে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করা হয়। প্রকাশনা উৎসবের পাশাপাশি এসময় গুণীজন সম্মাননা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বস্ত্র উপহার প্রদান করা হয়।

আলোচনা সভায় মলয় ত্রিপুরা কিশোর’র সভাপতিত্বে এবং দৈনিক পার্বত্য চট্টগ্রাম সম্পাদক ফজলে এলাহী’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি মহিলা কলেজের অধ্যক্ষ এনামুল হক খন্দকার, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, দৈনিক পার্বত্য চট্টগ্রামের সাহিত্য সম্পাদক হাসান মনজু, গুনীজন সংবর্ধিত অতিথি, মনোজ বাহাদুর গুর্খা, হুমায়ন কবির, সুজিত কুমার দাশ, সুরেশ ত্রিপুরা, মমতাময়ী প্রকাশনা পরিষদের সভাপতি পিল্টন দে প্রমুখ। এতে স্বাগত বক্তব্য দেন, দৈনিক পার্বত্য চট্টগ্রামের ডেস্ক এডিটর শংকর হোড়।
আলোচনা সভায় অতিথিরা বলেন, ‘রাঙামাটিতে নানান ধর্মের, নানান জাতির মানুষের বসবাস, এখানে সকল উৎসবই উৎযাপিত হয় এক সাথে আনন্দ-উৎসবে। ধর্ম যার যার উৎসব সবার এ শ্লোগানেই পালিত হোক সকল ধর্মের সকল উৎসব এক সাথে।

আলোচনা সভা শেষে মমতাময়ী বইয়ের মোড়ক উন্মোচন করা হয় এবং একই সাথে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে পুরষ্কার বিতরণ ও দরিদ্রদের মাঝে বস্ত্র উপহার প্রদান করেন অতিথিরা।
