খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে আঞ্চলিক সংগঠন পার্বত্য নাগরিক পরিষদ। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির, অর্থ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সদস্য নাদিরুজ্জামান প্রমুখ।
পার্বত্য নাগরিক পরিষদের কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির বলেন, পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষে ১৯৯৭ সালে সরকার আঞ্চলিক সংগঠনের নেতা সন্তু লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস)’র সাথে চুক্তি করেছিল। জেএসএস চুক্তি বাস্তবায়নে সরকারকে সহায়তা না করে উল্টো পাহাড়ে হত্যার রাজনীতিতে মেতে উঠেছে। এখনো পাহাড়ে প্রতিনিয়ত খুন, গুম, চাঁদাবাজি চলছে। পাহাড়ের শান্তি ফিরিয়ে আনতে অবৈধ অস্ত্র উদ্ধার এবং প্রয়োজনে সেনা ক্যাম্প বৃদ্ধিরও দাবি জানানো হয় সমাবেশ থেকে।
প্রসঙ্গত, গত ১৪ আগস্ট ভোর রাতে খাগড়াছড়ি জেলার দীঘিনালায় উপজেলার বাবুছড়ায় ভোর রাতে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে মোর্শেদা বেগম নিহত হয়।
