খাগড়াছড়ি প্রতিনিধি ॥
মিথ্যা অভিযোগ দিয়ে তদন্তকারী সংস্থাকে হয়রানি করার দায়ে দীপক কান্তি চাকমার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। বুধবার বিকালে দুদক রাঙামাটি সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক জিএম আহসানুল কবীর বাদী হয়ে খাগড়াছড়ির জেলা ও দায়রা জজ রেজা মো: আলমগীর হাসানের বিশেষ ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করেন।
আদালত মামলাটি আমালে নিয়ে আগামী ১৫ ডিসেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেন। অভিযুক্ত দীপক কান্তি চাকমা মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক।
এজাহার সূত্রে জানা যায়, মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক দীপক কান্তি চাকমা তাঁর সহকর্মী একই কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন এর বিরুদ্ধে দুদকে জাল ও ভুয়া কাগজপত্র ব্যবহার করে সরকারি তহবিল থেকে ১০ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ করেন। দুদক অভিযোগ আমলে নিয়ে দীর্ঘ সময় তদন্ত করে।
দুনীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন মজুমদার জানান, অভিযোগটির সত্যতা না পাওয়ায় এবং মিথ্যা অভিযোগ দিয়ে তদন্ত সংস্থাসমুহকে হয়রানির অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৮ (গ) ধারায় মামলাটি দায়ের করে।
উল্লেখ্য যে, একই ব্যক্তি একই কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোহাম্মদ নুরুল আফছারের বিরুদ্ধে জাল সনদ ও জাল স্বাক্ষরের মাধ্যমে অবৈধভাবে নিয়োগ নেয়ার অভিযোগ তুলেন। তদন্তে শেষে কোন প্রমাণ না পাওয়ায় অভিযোগকারীর বিরুদ্ধে শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছিল।
