আলীকদম প্রতিনিধি ॥
গত ২৬ জানুয়ারি বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং নূরানী কাফেলার উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সাঃ) মাহফিল স্থগিত করা নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন মাহফিল পরিচালনা কমিটি। শুক্রবার সন্ধ্যায় আলীকদম প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাহফিল পরিচালনা কমিটির সভাপতি জয়নাল আবেদীন ও সাধারণ সম্পাদক আব্দুর রহিম।
তাঁরা সংবাদ সম্মেলনে দাবি করেন, এ মাহফিল বন্ধ করা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের বিভিন্ন আইডি ও ফেক আইডি থেকে যেসব প্রচারণা চালানো হচ্ছে তার সাথে মাহফিল পরিচালনা কমিটির দূরতম কোন সম্পর্ক নেই। আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন সিরাজী ও সাবেক ইউপি মেম্বার শফিউল আলমের বিরুদ্ধে ফেসবুক আইডিগুলোতে যেসব পোস্ট করা হচ্ছে তা পরিকল্পিত ষড়যন্ত্র।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে চৈক্ষ্যং নূরানী কাফেলার সভাপতি জয়নাল আবেদীন বলেন, মাহফিল আয়োজনের জন্য তারা বান্দরবান জেলা প্রশাসক বরাবর আবেদন করেছিলেন। এ আবেদনে সুপারিশপূর্বক সীল-স্বাক্ষর করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মংব্রাচিং মার্মা, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক দুংড়ি মং মার্মা, মন্ত্রী প্রতিনিধি ও আলীকদম ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নাছির ও চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমান।
জয়নাল আবেদীন জানান, ‘আমরা জেলা প্রশাসক থেকে চূড়ান্ত অনুমোদন আনার জন্য ২৬ জানুয়ারি চৈক্ষ্যং ইউপি চেয়ারম্যান ফেরদৌস রহমানকে সাথে নিয়ে বান্দরবান জেলা সদরে যাই। বান্দরবানে অবস্থানরত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য জেলা পরিষদ সদস্য দুংড়ি মং মার্মাসহ আমরা চারজন জেলা প্রশাসকের সাথে সাক্ষাত করে জানতে পারি যে, প্রধান বক্তা মুফতি আমির হামজা ছাড়া অন্যান্য বক্তাকে নিয়ে মাহফিল করার অনুমতি পাওয়া যাবে। আমরা তাতে সম্মতি দিলে জেলা প্রশাসক কার্যালয় থেকে ২৬ জানুয়ারি বিকাল চারটায় অনুমতিপত্র হাতে পাই। তখন আমরা দ্রুত বান্দরবান জেলা সদর ত্যাগ করে আলীকদমে মাহফিলের উদ্দেশ্যে রওয়ানা হই।
জয়নাল আবেদীন আরো বলেন, ‘আসার পথে আমরা জানতে পারি যে, বেলাল উদ্দিন নামে একজন কিশোর স্বেচ্ছাসেবক ‘প্রধান বক্তা আমির হামজা ওয়াজ করতে পারবে না’ খবর জানার পর এবং দ্বিতীয় ও তৃতীয় বক্তা আলীকদম থেকে চলে যাওয়ার কারণে মাইকে মাহফিল বন্ধের ঘোষণা দেয়। রাত দশটায় আমি মাহফিল স্থলে পৌঁছি। এর আগে কে বা কারা মাহফিলের বিদ্যুৎ সংযোগও বন্ধ করে দিয়েছিল।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, এ মাহফিল বন্ধ করার বিষয়ে আওয়ামী লীগের কোন নেতাকর্মী জড়িত নয়। তৃতীয় ব্যক্তি ফেক আইডি থেকে মাহফিল বন্ধ সংক্রান্ত মিথ্যা প্রচারণা চালিয়ে আমাদেরকে হয়রানি করতে চাচ্ছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহফিল পরিচালনা কমিটির সদস্য জামাল উদ্দিন, মীর কাসেম ছোট্টু, আব্দুল গফুর, নুরুল কাদের পুতু, হেলাল উদ্দিন, নুরুর কবির, বেলাল উদ্দিন প্রমুখ।
