খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার শনিবার কাপ্তাই উপজেলাধীন কাপ্তাই ইউনিয়নে ৫ কোটি ২ লাখ ৭৫ হাজার টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তি স্থাপন করেন। এছাড়া বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন, বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন এবং ব্যাঙছড়ি জয় মঙ্গল বৌদ্ধ বিহার পরির্দশন করেন। শেষে তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে কাপ্তাই ইউনিয়নের ২নং বিট পুলিশের আয়োজন নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এসব অনুষ্ঠানে দীপংকর তালুকদার বলেন, পার্বত্যাঞ্চলের অবৈধ অস্ত্র পুরোপুরি উদ্ধার না হওয়া পর্যন্ত এখানে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারছে না। পাহাড়ের মানুষ এখনো অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির কাছে জিম্মি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে যে উন্নয়ন, সে উন্নয়নের ফসল আমরা সন্ত্রাসীদের কারণে তুলতে পারছি না, সাধারণ মানুষ সন্ত্রাস, চাঁদাবাজ থেকে মুক্তি চায়।
সাংসদ দীপংকর তালুকদার শনিবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে নির্মিতব্য ১ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট একাডেমি ভবন নির্মাণ কাজের ভিত্তি স্থাপন করেন। এরপর তিনি কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন।
এদিকে, দীপংকর তালুকদার এমপি মুজিব বর্ষ উপলক্ষে কাপ্তাই ইউনিয়ন পরিষদের অর্থায়নে ১ লাখ টাকা ব্যয়ে লগগেইটে বঙ্গবন্ধু সড়ক বাতির উদ্বোধন, কাপ্তাই ব্যাঙছড়ি এলজিইডি’র অর্থায়নে ২ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ৫৭ মিটার গার্ডার ব্রিজের নির্মাণ কাজের উদ্বোধন, রাঙামাটি জেলা পরিষদের অর্থায়নে ৭৫ হাজার টাকা ব্যয়ে ব্যাঙছড়ি মারমা পাড়া চিতা খোলা ও শ্মশান মঙ্গল ঘরের উদ্বোধন এবং এলজিইডি’র অর্থায়নে ১ কোটি টাকা ব্যয়ে ব্যাঙছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, এলজিইডি রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আবু তালেব চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী, সাধারণ সম্পাদক ইব্রাহীম খলীল, কাপ্তাই থানার ওসি নাসির উদ্দীন, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, কাপ্তাই উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজ্জামেল হোসেন এবং আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
