কাপ্তাইয়ে লকডাউন এর তৃতীয় দিনে প্রশাসনের প্রচার প্রচারনা এবং ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত রয়েছে। বুধবার ( ৭ এপ্রিল) সকাল ৯.৩০ মিনিট হতে ১১ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও নির্বাহী অফিসার মুনতাসির জাহান সাপ্তাহিক হাট বড়ইছড়ি বাজার এবং কাপ্তাই সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এইসময় তিনি সরকারি নির্দেশ অমান্য করে সড়কে গাড়ী চলাচল, অপ্রয়োজনীয় দোকানপাট খোলা রাখার অভিযোগে সড়ক পরিবহন আইনের ২০১৮ এর বিভিন্ন ধারায় ৪ টি মামলায় ২০০০ টাকা এবং দণ্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারায় ৭ টি মামলায় ১৪০০ টাকা জরিমানা আদায় করেন।
কাপ্তাই থানার উপ পরিদর্শক রাকিবুল হাসান এবং উপজেলা নির্বাহী দপ্তরের অফিস সুপার সিরাজুল ইসলাম ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন। অভিযানে ইউএনও মুনতাসির জাহান উপস্থিত সাংবাদিকদের বলেন, মানুষের মুখে মাস্ক তুলতে পেরেছি এটাই প্রশাসনের স্বার্থকতা।
এইসময় তিনি জনগণকে সার্বক্ষনিক মাস্ক পড়ে চলাচল এবং অপ্রয়োজনীয় ঘুরাফেরা না করার অনুরোধ জানান। এদিকে লকডাউন এর তৃতীয় দিনে সাপ্তাহিক হাট বড়ইছড়ি বাজারে প্রচার প্রচারনা চালিয়েছেন কাপ্তাই থানা পুলিশ। থানার ওসি মোঃ নাসির উদ্দীন এর নেতৃত্বে পুলিশ সদস্যরা এই অভিযানে নেতৃত্ব দেন।
