খাগড়াছড়ি জেলার মনিকছড়ি-লক্ষ্মীছড়ি সড়কের মংহলা পাড়ায় মোটরসাইকেল থেকে পড়ে মংরে মারমা নামে এক যাত্রী নিহত ও চালকসহ দুইজন আহত হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মংরে মারমা লক্ষ্মীছড়ি উপজেলার ডেবাতলী পাড়ার বাসিন্দা মৃত রুইখ মারমার ছেলে।
মানিকছড়ি থানার এসআই আমীর হোসেন জানান, মংরে মারমা ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে লক্ষ্মীছড়ির মংহলা পাড়া ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা সেনাবাহিনীর একটি গাড়ীকে সাইড দিতে গিয়ে মোটরসাইকেল চালক কিছুটা নিয়ন্ত্রণ হারায়। এতে যাত্রী মংরে মারমা ভয়ে লাফ দিয়ে পড়ে গিয়ে আহত হয়। সেনাবাহিনীর সদস্যরা তাৎক্ষণিক আহত মংরে মারমাকে উদ্ধার করে লক্ষ্মীছড়ি হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় চালক আবু হানিফ ও অপর যাত্রী হল্কাজয়ী মারমাও সামান্য আহত হন।
লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফ ইকবাল জানান, বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল। এ কারণে চালক মোটরসাইকেলটির গতি নিয়ন্ত্রণ করতে না পারায় দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে।