খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার কুমারী বড়টিলা এলাকায় সেফটিক ট্যাঙ্কে পড়ে ইমরান হোসেন (১২) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে এ ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র বড়টিলা আবদুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকছড়ি উপজেলার কুমারী বড় টিলা এলাকায় বাড়ির পাশে টয়লেটে যায় ইমরান। এসময় তাঁর হাতের বদনাটি নিচে পড়ে গেলে সেটি তুলতে গিয়ে কাঠের স্ল্যাব ভেঙ্গে সেফটিক ট্যাঙ্কিতে পড়ে যায় ঐ স্কুল ছাত্র। বিষয়টি টের পেয়ে মামা আল আমিন ইমরানকে টেনে গিয়ে তিনিও অজ্ঞান হয়ে পড়েন। একপর্যায়ে বাড়ির আশপাশের লোকদের সহায়তায় ইমরানের মা-বা তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমরানকে মৃত ঘোষণা করেন।
মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তারা দীর্ঘদিন ধরে কাঠের তৈরি স্ল্যাব ব্যবহার করে আসছেন। সেটি পুরাতন হয়ে পড়ায় ভেঙ্গে পড়ে স্কুল ছাত্র ইমরান হোসেন মারা যান।