নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটি পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর ও নিউ রাঙামাটি (রিজার্ভ বাজার) ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন মাদকাসক্ত এক যুবককে ধরে তুলে দিলেন পুলিশের হাতে এবং একই সাথে দায়িত্ব নিলেন পরিবারেরও। যতদিন মাদকাসক্ত ছেলে জেলে থাকবেন ততদিন তার পরিবারকে প্রতি মাসে চার হাজার টাকা দেয়ার প্রতিশ্রুতিও দিলেন কাউন্সিলর হেলাল উদ্দিন। প্রতিশ্রুতির ২৪ ঘণ্টার মধ্যে মাদকাসক্তের পরিবারের হাতে চার হাজার টাকা তুলে দিলেন তিনি। আটক ব্যক্তির নাম জাহিদুল ইসলাম সাব্বির(২৪)। সে গীতাশ্রম কলোনীর জানে আলমের ছেলে।
১নং ওয়ার্ডের কাউন্সিলর হেলাল উদ্দিন বলেন, আমি বৃহস্পতিবার মধ্য রাতে আমার বাসায় যাচ্ছিলাম। বাসা যাওয়ার পথে মাদকাসক্ত সাব্বিরের সাথে দেখা হলে তাকে সন্দেহ হয়। ইতোপূর্বে সে বেশ কয়েকবার জেল খেটেছে। কিন্তু জেল থেকে বের হওয়ার পরও সে সংশোধন হচ্ছিল না। পরিবারেও ঝামেলা করছিল। তার পরিবার আমাকে এই বিষয়ে অভিযোগও করে। সাব্বিরকে দেখে আমার সন্দেহ হলে তাকে শক্ত করে ধরে তল্লাশি করার সময় সে সিগারেটের একটি প্যাকেট মন্দিরের ছাদে ছুঁড়ে মারে। পরবর্তীতে মন্দির কমিটির লোকজন এসে তালা খুলে ছাদ থেকে প্যাকেটটি উদ্ধার করে ১৩পিস ইয়াবা ও ইয়াাবা খাওয়ার সরঞ্জাম পাওয়া যায়। এসময় আমি কোতয়ালী থানায় কল দিলে কিছুক্ষণ পর এসে পুলিশ আমার অফিস থেকে সাব্বিরকে ধরে নিয়ে যায়।
কোতয়ালী থানার এসআই রমজান এসময় মাদকাসক্ত সাব্বিরকে ধরিয়ে দেয়ার জন্য হেলাল উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে স্থানীয় কাউন্সিলরদের সহযোগিতা কামনা করেন।
হেলাল উদ্দিন আরো জানান, সাব্বিরকে পুলিশের হাতে তুলে দেয়ার সময় তার মা পরিবার কিভাবে চলবে এমনটা জানানোর পর তাকে তিন মাস জামিনের চেষ্টা না করলে যতদিন জামিন হবে না ততদিন পর্যন্ত তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দেন। যার প্রথম মাসের টাকা শুক্রবার দেয়া হয়েছে।
সাব্বিরের মা বলেন, কাউন্সিলর আমার ছেলেকে সংশোধনের জন্য পুলিশের হাতে তুলে দিয়েছে। এতে আমার কোনও আপসোস নেই। আমিও চাই আমার ছেলে সংশোধন হোক। আর পরিবারের ভরণ-পোষণের কথা কাউন্সিলরকে বলাতে তিনি প্রতি মাসে চার হাজার টাকা করে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। শুক্রবার আমাকে প্রথম মাসের চার হাজার টাকা দিয়েছেন।
