খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ি জেলার মাটিরাংগা উপজেলার তাইন্দং ইউনিয়নের সুকুমার কারবারি (ত্রিপুরা) পাড়ায় এলাকায় পাহাড়ের বিবাদমান দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ ও ইউপিডিএফ গনতান্ত্রিকের মধ্যে এ গোলাগুলির ঘটনা ঘটেছে বলে স্থানীয়ভাবে জানা গেছে । গোলাগুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত এবং অপর একজন আহত হয়েছে। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একটি একে-২২ রাইফেল ও নিহতের লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে ইউপিডিএফর খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমার সাথে যোগাযোগ করলে তিনি জানান,গোলাগুলি নয়, নব্য মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা এলোপাহাড়ীভাবে ব্রাশ ফায়ার করলে উত্তম কুমার ত্রিপুরা (২৪) নামে এক গ্রামবাসী নিহত এবং অপর একজন আহত হয়।তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে পাহাড়ে ভ্রাতৃঘাতি সংঘাত বন্ধের আহবান জানান।
অন্যদিকে ইউপিডিএফ গণতান্ত্রিক দলের কেউই মন্তব্য করতে রাজী হয়নি
তবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) খাগড়াছড়ি জেলা ইউনিটের সংগঠক অংগ্য মারমা এক বিবৃতিতে, জেলার মাটিরাঙ্গা উপজেলাধীন তাইন্দং ইউনিয়নে সন্ত্রাসীদের সশস্ত্র হামলায় উত্তম ত্রিপুরা নামে একজন ইউপিডিএফ সমর্থক নিহত ও একজন সদস্য আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে হামলাকারী খুনীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
তিনি অবিলম্বে উত্তম ত্রিপুরার খুনীদের গ্রেফতার এবং পাহাড়ি রাজাকারদের মদদ দেয়া বন্ধ করে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
