মাটিরাঙ্গার ধলিয়া খালের ভাঙণে ঝুঁকিপূর্ণ স্থান থেকে মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে সরিয়ে আনা দশ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তৈল, চিড়া ও গুড় ত্রাণ সহায়তা বিতরণ করা হয়।
খাগড়াছড়ি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান ও মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করেন।
এসময় মাটিরাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণলাল দেবনাথ, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজকুমার শীল, মাটিরাঙ্গা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌরসভার প্যানেল মেয়র মো: আলাউদ্দিন লিটন, বেলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: রহমত উল্যাহ, মাটিরাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর মো: এমরান হোসেন ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীরা ক্ষতিগ্রস্থ মানুষের প্রতি সহযোগীতার হাত বাড়ালে ক্ষতিগ্রস্থ লোকজনের কষ্ট অনেকটাই কাটিয়ে ওঠা সম্ভব মন্তব্য করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান বলেন, শুধুমাত্র সরকারের একার পক্ষে এ অবস্থা থেকে উত্তোরণ সম্ভব নয়। তিনি বলেন, আশ্রয় কেন্দ্রে যতোদিন থাকবে ততোদিনই প্রশাসন ক্ষতিগ্রস্থদের পাশে থাকবে।
