শুভ্র মিশু
আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভা নির্বাচনে অংশ নিতে ইতিমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৫৭ প্রার্থী। এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মো. জাহিদুল ইসলাম। তিনি জানান, গত ৬ দিনে মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে তিন জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে সংগ্রহ করেছে ১৯জন, সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৩৫জন।
নির্বাচন অফিস সূত্র জানায়, গত ৬ জানুয়ারি থেকে শুরু হওয়া মনোনয়নপত্র বিক্রি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। সেদিন বিকাল পাঁচটার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে প্রার্থীদের। সোমবার মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাঙামাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও সাবেক মেয়র হাবিবুর রহমান। এর আগে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুই মেয়র প্রার্থী। তারা হচ্ছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার সভাপতি ও জেলা আওয়ামীলীগের উপপ্রচার সম্পাদক অমর কুমার দে এবং আব্দুল মান্নান রানা।
আগামী ১৪ ফেব্রুয়ারি রাঙামাটি পৌরসভার ৯ওয়ার্ডে ৯ জন সাধারণ কাউন্সিলর ও ৩ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর এবং ১ জন মেয়র নির্বাচিত হবেন পৌর এলাকার ৬২ হাজার ৯৫৩জন ভোটারের ইভিএমে প্রত্যক্ষ ভোটের মাধ্যমে। নির্বাচনের তফসিল অনুসারে, রাঙামাটি পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ সময় ১৭ জানুয়ারি, মনোনয়ন বাছাই ১৯ জানুয়ারি, প্রার্থীতা প্রত্যাহারের শেষ সময় ২৬ জানুয়ারি, ভোট গ্রহণ ১৪ ফেব্রুয়ারি।
