মজুরি স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা কর্ণফুলী পেপার মিলে শ্রমিক সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
শ্রমিক কর্মচারী পরিষদ সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবুল বশর, মোঃ শামসু, মোঃ বেলাল হোসেন, কার্র্যকরী সভাপতি সায়দুল হক, সিবিএ সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মুক্তার প্রমূখ।
বক্তারা বলেন, ২০১৫ সালের জুলাই থেকে পে-স্কেল বাস্তবায়িত হলেও একই প্রতিষ্ঠানে একই সাথে চাকরি করেও শ্রমিকরা আজ চরম বৈষম্যর শিকার হচ্ছে। গত প্রায় ২ বছরেও শ্রমিকদের মজুরি স্কেল বাস্তবায়ন করা হয়নি। বর্তমান দ্রব্যমূল্যের উর্ধ্বগতির বাজারে শ্রমিকরা মারাত্মক অর্থ কষ্ট নিয়ে মানবেতর জীবনযাপন করছে। এসব বৈষম্য দূর করতে দেশের বর্তমান প্রধানমন্ত্রীর নিকট সমাবেশ থেকে তারা অনুরোধ জানান। এছাড়া গত চার মাস ধরে মিলের কর্মকর্তা কর্মচারীদের এবং তিন মাস ধরে শ্রমিকদের বেতন ভাতা বকেয়া থাকায় পরিবার পরিজন নিয়ে কর্মরত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের নাভিশ্বাস উঠেছে। অনতিবিলম্বে শ্রমিক কর্মচারী কর্মকর্তাদের বকেয়া বেতন ভাতাদি পরিশোধ করার জন্য সমাবেশ থেকে আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মিলের প্রধান ফটক থেকে জিএম রোড এলাকায় এসে শেষ হয়। এদিকে মিলের নানাবিধ সমস্যা সত্ত্বেও শ্রমিক কর্মচারীরা নিরলসভাবে উৎপাদন অব্যাহত রাখার জন্য কাজ করে যাচ্ছে। এমতাবস্থায় গত ৯ নভেম্বর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মিল কর্তৃপক্ষ সিবিএ সভাপতি আব্দুর রাজ্জাক ও যুগ্ম সম্পাদক আনিছুর রহমানকে সাময়িক বরখাস্ত ও শোকজ করার বিষয়টি দ্রুত নিঃশর্ত সমাধানের জন্য সমাবেশ থেকে কর্তৃপক্ষের নিকট আহ্বান জানানো হয়।
