খাগড়াছড়ি জেলায় কোভিড-১৯ টিকার মজুদ শেষ হওয়ায় টিকা প্রদান কার্যক্রম বন্ধ রয়েছে। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, টিকার সরবরাহ আসলে টিকা কার্যক্রম আবারো শুরু হবে।
জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, খাগড়াছড়ি জেলায় ৪৮ হাজার ৫০০ পিস টিকা সরবরাহ করা হয়েছে। ইতিমধ্যে মজুদের টিকা শেষ হয়ে আসছে। খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের মজুদ শনিবার শেষ হয়ে যায়। বাকী উপজেলাগুলোতে ২৩০ ডোজ টিকা রয়েছে যা, আজ বা কালকের মধ্যে শেষ হয়ে যাবে।
খাগড়াছড়িতে প্রায় প্রায় ৩৬ হাজার মানুষ টিকার জন্য নিবন্ধন করেছিলেন। তার মধ্যে প্রথম ডোজ নিয়েছে ৩০ হাজার ২৩২ জন, দ্বিতীয় ডোজ নিয়েছে ১৭ হাজার ৮১৭ জন। রেজিস্ট্রেশনকৃত টিকা প্রদান করতেই প্রয়োজন আরো ২৪ হাজার টিকা।
খাগড়াছড়ি জেলার সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, সদরে বন্ধ থাকলেও কয়েকটি উপজেলায় এই মুহুর্তে ২৩০পিস টিকা রয়েছে। যা দুই একদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। আমরা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, তারাও বিষয়টি জানেন। টিকা সরবরাহ আসলে আবারো টিকা প্রদান কর্মসূচি চালু করা হবে।
খাগড়াছড়ি জেলায় এ পর্যন্ত ৮৮৯ জন আক্রান্ত হয়েছেন। তার মধ্যে ৮৪৪ জন সুস্থ হয়েছেন। মারা গেছেন ৮ জন। গত ৪৮ ঘন্টায় জেলায় এক জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। হাসপাতালে ভর্তি রয়েছেন ৪ জন। তৎন্মধ্যে ৩ জন সন্দেহয়ভাজন রোগী রয়েছেন।
