রাঙামাটি পৌরসভা নির্বাচনের প্রথম তিনঘন্টায় বড় ধরণের কোন অভিযোগ পাওয়া যায়নি জানিয়ে নির্বাচন সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং ভোটারদের প্রত্যাশিত উপস্থিতিতেই অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন এই নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান।
তিনি জানিয়েছেন, এই পর্যন্ত তেমন কোন অভিযোগ আসেনি। কিছু কিছু কেন্দ্র থেকে কোন কোন ভোটারের আঙ্গুলের ছাপ না মেলার তথ্য এসেছে, এটা মূলত: শ্রমজীবি মানুষের ক্ষেত্রে হয়,তবে একাধিকবার চেষ্টা করলেই সেটা মিলবে। আমি সেই মোতাবেক প্রিজাইডিং অফিসারদের নির্দেশনা দিয়েছি।
ভোটারের উপস্থিতির হার সন্তোষজনক জানিয়ে রিটার্নিং অফিসার বলেন-‘ পাহাড়ী এলাকায় সকালের দিকে ভোটার উপস্থিতি বেশিই হয়। দিন গড়ানোর সাথে সাথে কমে আসে।’
কাঠালতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ওয়ালিউল্লাহ রাসেল জানিয়েছেন,তার কেন্দ্রে ২১০০ ভোটারের মধ্যে প্রথম তিন ঘন্টায় ৫২৪ ভোট পড়েছে,যা মোট ভোটের ২৪ শতাংশ।
শহরের আরো একাধিক কেন্দ্রে যোগাযোগ করেও একই ধরণের তথ্য মিলেছে।
