শংকর হোড় ॥
বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকে ‘গণক’ সম্বোধন করে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি বলেছেন, সরকার কখন থাকবে, কতদিন থাকতে পারবে সেই গণনা তিনি করছেন। ওবায়দুল কাদের বলেন, জনগণকে খুশি রাখতে পারলে নির্বাচনে আবারো জনগণ আওয়ামীলীগকে ক্ষমতায় আনবে। আমরা দেখেছি, বিএনপির মেয়াদ যখন শেষ হয়েছিল, তখন তাদেরকে জনগণ টেনে-হিঁচড়ে নামিয়েছে। জুনেই পদ্মা সেতু উদ্বোধন হবে জানিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু হওয়াতে সারা দেশের মানুষ খুশি হলেও ফখরুল ও বিএনপি মুখে শ্রাবণের কালো মেঘ। তাদের অন্তরে খুবই বিষজ¦ালা। তারা অন্ধকারে ঢিল ছুঁড়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। যা কখনো সফল হবে না। মঙ্গলবার রাঙামাটি জেলা আওয়ামীলীগে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভূমি সমস্যা ছাড়া পাহাড়ের সব সমস্যারই সমাধান হয়েছে। ভূমি সমস্যা সমাধান হলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। অশান্ত পার্বত্য চট্টগ্রামকে শান্ত করতে তিনি শান্তি চুক্তি করেছিলেন, আর চুক্তির সব শব্দই বাস্তবায়ন হবে। এক্ষেত্রে হতাশ হওয়ার কোন কারণ নেই। পাহাড়ে এখনো মাঝে মাঝে রক্তপাত দেখতে পাই, এসব বন্ধ করতে হবে। রক্তপাত ঘটিয়ে কোনও সমস্যার সমাধান সম্ভব হবে না।
জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, অর্থ ও পরিকল্পনা সম্পাদক ওয়াসিকা আয়েশা খান এমপি, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা।
