ভাস্কর্য নিয়ে কুটক্তি ও কুুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যে হামলা ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।
বুধবার সকাল ১১টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাঙামাটি জেলা সন্তান কমান্ডের সভাপতি নুর আজাদ চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান।
সমাবেশে বক্তারা বলেন, যেকোন মূল্যে স্বাধীনতাবিরোধী সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দাঁড়াতে হবে। এসব অপশক্তি এখনো বাংলাদেশকে পাকিস্তান বানানের স্বপ্ন দেখে। তাদের সে স্বপ্ন কখনোই এই দেশে পুরণ হবে না। রাঙামাটি জেলায় স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের নিরাপত্তা জোরদারের পাশাপাশি রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্য সিসি ক্যামেরার আওতায় আনার জোর দাবি করেন তারা।
জেলা শাখার অর্থসম্পাদক জুয়েল বড়ুয়া বলেন, কোন অবস্থাতে এসব মৌলবাদী ও সাম্প্রদায়িক অপশক্তির দাবি মেনে নেয়া হবে না।
সাংগঠনিক সম্পাদক সুব্রত দাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে দেশ স্বাধীন হয়েছে সে দেশে স্বাধীনতা বিরোধীদের জায়গা নেই। যারা হামলার সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় দ্রুত আনতে হবে।
সাধারণ সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী বলেন, এসব সাম্প্রদায়িক গোষ্ঠী যে মুক্তিযুদ্ধের সময় বিরোধীতা করেছে, ঠিক তেমনই এখনও করছে। বঙ্গবন্ধুর ভার্স্কযে হামলার মত সাহস তারা আজও দেখাচ্ছে। এসব অপশক্তির সাথে কোন ধরনের নুন্যতম আপোষ করা যাবে না। রাঙামাটিতে স্থাপিত বঙ্গবন্ধুর ভাস্কর্যের যথাযথ নিরাপত্তার পাশাপাশি ভাস্কর্যটি সিসি ক্যামেরার আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি।
সহ-সভাপতি মামুন ভুঁইয়া বলেন, ধর্মান্ধ, সাম্প্রদায়িক গোষ্ঠি মুক্তিযুদ্ধের সময়ে বাংলাদেশের বিরোধিতা করেছে এখনও ঠিক তেমনই করছে তারা। স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর হামলা কোন ভাবেই মেনে নেয়া যায় না।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ কাজল বলেন, যে মানুষটি স্বাধীন দেশ এনে দিল, সেই মহান নেতাকে অস্বীকার করা মানে নিজের সাথেই বেঈমানি করা। এমন বেঈমান বাংলাদেশে থাকার কোন অধিকার রাখে না।
সদর উপজেলার চেয়ারম্যান শহিদুজ্জামান মহসীন রোমান বলেন, যারা বঙ্গবন্ধুর বিরোধীতে করে তারা দেশের শত্রু। তাদের চিহৃিত করতে হবে এবং আইনের আওতায় এনে বিচার করতে হবে।
সভাপতি নুর আজাদ চৌধুরী বলেন, রাজনীতি বা অন্য কোন কারণে এসব অপশক্তির সাথে কোন ভাবেই আপোষ করা যাবে না। এসব অপশক্তির সাথে আপোষ করা মানে আত্মহত্যার সমান।
এসময় আরও উপস্থিত ছিলেন সন্তান কমান্ডের জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ তালুকদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দিদারুল আলম সেতু, আইন ও নিরীক্ষাবিষয়ক সম্পাদক মিথুন বড়ুয়া, সদস্য মিনারা পারভিন প্রমুখ।
