কাপ্তাই প্রতিনিধি ॥
বাংলাদেশ সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কটি ভাঙ্গণের কবলে পড়েছে। যে কোন মুহূর্তে বড় ধরনের ভাঙ্গণের ফলে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয়রা। লাগাতার কয়েদিনের বৃষ্টির কারণে প্রধান সড়কের একপাশে ভাঙ্গণ দেখা দিয়েছে। ফলে সড়কের একপাশের ভাঙ্গণটি বড় আকার ধারণ করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসড়ক দিয়ে প্রতিদিন বহু ছোটবড় ও ভারী যানবাহন চলাচল করে থাকে। এসড়কের পাশে রয়েছে সেনা, নৌ, পুলিশসহ সরকারি-বেসরকারি শিল্প-কারখানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের একপাশ ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে উক্ত প্রতিষ্ঠানসমূহে যানবাহন চলাচল করছে। সওজ বিভাগের এই সড়কে ভাঙ্গণের বিষয়ে কারো কোন নজরদারি নেই বললেই চলে। এলাকার সচেতন লোকজন ভাঙ্গণ রোধসহ রাতে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে লাল পাতাকা গাছের ডাল পাতা দিয়ে রেখেেেছ। পাশাপাশি বালুর বস্তা দিয়ে ভাঙ্গণ রোধ করার চেষ্টা করছে।
এদিকে কাপ্তাই ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, ভাঙ্গণ রোধে চট্টগ্রাম সড়ক ও জনপথকে ফোন করা হলে তারা জানায়, এটি রাঙামাটি সড়ক ও জনপথের কাজ। রাঙামাটি ফোন করা হলে তারা জানায়, এটি চট্টগ্রাম সড়ক ও জনপথ বিভাগের কাজ। এখন আমরা কার কাছে সড়কটি মেরামতের দাবি জানাবো?
