দীঘিনালা প্রতিনিধি ॥
মঙ্গলবার পাহাড়ে ঐতিহ্যবাহী বৈসাবি উৎসবের প্রথম দিন। উৎসবের আনন্দে মাতোয়ারা পাহাড়ি পল্লীর নবীন, প্রবীণ, তরুণ, তরুনী, শিশু, কিশোরসহ সব শ্রেণীর মানুষ। ত্রিপুরা, মারমা ও চাকমা তিন জনগোষ্ঠীল পৃথক ভাষায় এ উৎসবের পৃথক তিন নাম। ত্রিপুরাদের ‘বৈসু’ , মারমাদের ‘সাংগ্রাই’ এবং চাকমাদের বিজু। তিন নামের আধ্যক্ষর দিয়ে উৎসবের সম্মিলিত নাম দেওয়া হয় বৈসাবি।
প্রতি বছর বৈসাবি এলে পাহাড়ের কর্মব্যস্ত মানুষ হিংসা হানাহানি এবং জাতিগত মতপার্থক্য ভুলে বৈসাবির উৎসাহ উদ্দীপনায় মেতে উঠে। উপজেলা সদর থেকে দুর্গম গ্রাম পর্যন্ত চলছে বৈসাবি উৎসবের আমেজ। এসময় পার্বত্যাঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোও বন্ধ থাকে। উৎসব পালনে সপ্তাহ আগে থেকে পাড়ায় পাড়ায় ঐতিহ্যবাহি নানা ধরনের খেলার আয়োজন করা হয়। এদিকে মঙ্গলবার সকাল ৮টায় উপজেলার সকল সম্প্রদায়ের লোকজনের অংশ গ্রহণের মাধ্যমে বের হয় বৈসাবির বর্ণাঢ্য শোভাযাত্রা। বর্ণিল সাজের এ শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
