নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামে শিক্ষাবৃত্তি, কোটা ও চাকরি ক্ষেত্রে বাঙালি শিক্ষার্থীদের সাথে সাম্প্রদায়িক বৈষম্যের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখা। সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব, আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বাঘাইছড়ি পৌরসভার সাবেক মেয়র মো: আলমগীর কবির, রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মান, সহ- সভাপতি কাজী জালোয়া, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, ব্যবসায়ী নেতা মো: কামাল উদ্দিন,পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা সভাপতি মো: হাবীব আজম, রাঙামাটি সরকারি কলেজ শাখার আহ্বায়ক মো: শহিদুল ইসলাম, সদস্য সচিব রাজু আহম্মেদ।
বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলকে অনগ্রসর অঞ্চল হিসেবে উল্লেখ করে শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি, উচ্চ শিক্ষাবৃত্তি, ব্যবসা-বাণিজ্যে নানা রকম কোটা ও সুযোগ-সুবিধা চালু করেছে সরকার। তবে একই এলাকায় বসবাস করে বর্তমানে ক্ষুদ্র নৃ গোষ্ঠীর জনগোষ্ঠি মানুষ যেভাবে সুবিধা পাচ্ছে তাতে পাহাড়ে বাঙালি জনগোষ্ঠি নানা সুবিধা থেকে বঞ্চিত।
পার্বত্য চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবুর রহমান মজিব বলেন, শিক্ষা, চাকরি, ব্যবসা ও রাজনৈতিক ক্ষেত্রে বৈষম্য করে পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের তৃতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা হচ্ছে। অবিলম্বে সকল ক্ষেত্রে বৈষম্য দূর করে জনসংখ্যানুপাতে সকল সুযোগ-সুবিধা বণ্টন এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে একজন বাঙালি চেয়ারম্যান নিয়োগ দিতে হবে।
