বান্দরবান প্রতিনিধি
বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে সাতটি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। জেলা সদর, লামা, নাইক্ষ্যংছড়ি এবং আলীকদম চারটি উপজেলায় প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে যাচ্ছে। আজ শুক্রবার সকাল থেকে আশ্রয় কেন্দ্রগুলো থেকে বন্যা দূর্গতরা বাড়ি ফিরতে শুরু করেছে।
প্রশাসন ও স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার থেকে টানা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে বান্দরবানে সদর, লামা, নাইক্ষ্যংছড়ি, আলীকদম, রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় নি¤œাঞ্চল প্লাবিত হয়। কিন্তু বৃষ্টিপাত কমে যাওয়ায় বান্দরবানে সাতটি উপজেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়া বন্যা দূর্গতরা বাড়ি ফিরতে শুরু করেছে। সাঙ্গু, মাতামুহুরী এবং বাকখালী তিনটি নদীর পানিও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
তবে পাহাড় ধস এবং ঢলে ধসে গিয়ে সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় নাইক্ষ্যংছড়ি, লামা, আলীকদম এবং রুমা-থানচি উপজেলার অভ্যন্তরিন অনেকগুলো সড়ক যোগাযোগ এখনো বিচ্ছিন্ন রয়েছে।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি জানান, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে জেলায়। প্লাবিত এলাকাগুলো থেকে বন্যার পানি নেমে গেছে অধিকাংশ স্থানে। দূর্গত এলাকার লোকজনরা বাড়ি ফিরতে শুরু করেছে। তবে আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের পৌরসভা এবং প্রশাসনের পক্ষ থেকে খাবার এবং বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে।
