জিয়াউল জিয়া
করোনা সংক্রমণ রোধে সারা দেশের ন্যায় পার্বত্য জেলা রাঙামাটিতেও ৯৬ হাজার মানুষকে বুস্টার ডোজ দিবস পালন করছে স্বাস্থ্য বিভাগ। কিন্তু সকাল থেকে কেন্দ্রগুলোতে মানুষের উপস্থিতি ছিলো খুবই কম।
মঙ্গলবার সকালে রাঙামাটি পৌর এলাকায় ৯টি কেন্দ্রসহ জেলায় মোট ৯২টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া বুস্টার ডোজ সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকা দেওয়া চলবে।
পৌর এলাকায় কয়েকটি কেন্দ্রে ঘুরে কেন্দ্রগুলোতে বুস্টার ডোজ নেয়া মানুষের সংখ্যা খুবই কম। রাঙামাটি সদর হাসপাতাল কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত মাত্র ২শতজন, শহীদ শুক্কুর ক্লাবে মাত্র ৮০ জন ও পৌরসভা কার্যালয়ে মাত্র
৩০ জন বুস্টার ডোজ গ্রহণ করেছেন।
রাঙামাটি স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী বুস্টার ডোজ দিবস পালনে রাঙামাটি পৌরসভায় ৯টি কেন্দ্রে, প্রতিটি কেন্দ্রে ৫শতজন এবং ইউনিয়ন পর্যায়ে ৮৩টি কেন্দ্রে ৩০শত জন মোট ৯৬ হাজার মানুষকে বুস্টার ডোজেও আওতায় আনার পরিকল্পনা ছিল। একটি টিমে দুজন টিকাদানকারী ও তিনজন
স্বেচ্ছাসেবী কাজ করছে।
রাঙামাটির সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, টিকা কেন্দ্রগুলোতে প্রত্যাশিত মানুষ আসেনি। আমরা কেন্দ্র কমিয়ে আরও কয়েকদিন এই কার্যক্রম চালাতে চাই। পৌরসভা ও রাঙামাটি সদর হাসপাতাল কেন্দ্রে এই দুটি কেন্দ্র নিয়মিত রাখার পরিকল্পনা করছি।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের তথ্যমতে, রাঙামাটিতে এখন পর্যন্ত ১ম ডোজ টিকা নিয়েছে ৫ লাখ ২৮ হাজার ৫১ জন, ২য় ডোজ ৪ লাখ ৫৮ হাজার ৭৩৩ জন, বুস্টার ডোজ ১ লাখ ৪০ হাজার ৮৬৪ জন।
