নিজস্ব প্রতিবেদক
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটিতে শহীদ হওয়া বীরযোদ্ধা ও তৎকালিন ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর) এর সদস্য বীরশ্রেষ্ঠ ল্যান্সনায়েক মুন্সী আব্দুর রউফ এর সমাধীতে বিজিবি মহাপরিচালকের পক্ষ থেকে পুষ্পাঞ্জলি অর্পন করেছেন রাঙামাটির সেক্টর কমান্ডার কর্ণেল মোঃ তরিকুল ইসলাম,পিবিজিএমএস,পিএসসি। এইসময় বিজিবির একটি চৌকষ দল সশস্ত্র সালাম প্রদান ও বিউগল বাজিয়ে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে জাতির সূর্য সন্তান বীরশ্রেষ্ঠ রউফকে।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কাপ্তাই জোনের ব্যবস্থপনায় আয়োজিত শ্রদ্ধাঞ্জলি অর্পন অনুষ্ঠান আয়োজনের নেতৃত্ব দিয়েছেন কাপ্তাই ৪১ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল সাব্বির আহমেদ।
সকাল দশটায় রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলার বুড়িঘাট এলাকায় কাপ্তাই হ্রদের বুকে জেগে থাকা একটি ছোট্ট টিলায় অবস্থিত বীরশ্রেষ্ঠর সমাধীতে এই পুষ্পমাল্য অর্পন ও শ্রদ্ধা জানানো হয়। প্রতিবছরই বিজিবির পক্ষ থেকে মহান এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন জাতীয় দিবস ও তার মৃত্যু দিবসে শ্রদ্ধা জানানো হয় ।
