‘পরিকল্পিত পরিবার, সুরক্ষিত মানবাধিকার’ এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে ১১জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে লংগদুতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় লংগদু উপজেলা পরিষদের সামনে থেকে র্যালি বের করে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মিলিত হয়।
র্যালিতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মেডিকেল অফিসার, জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা কর্মীসহ শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জ্যোতিষ বিকাশ চাকমার সভাপতিত্বে আলোচনা সভাশেষে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কর্মী, শ্রেষ্ঠ ইউনিয়ন, বেসরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ক্রেস্ট ও সম্মাননা সনদ প্রদান করা হয়।
সম্মাননাপ্রাপ্তরা হলেন শ্রেষ্ঠ ইউনিয়ন গুলশাখালী ইউনিয়ন পরিষদ যা জেলা পর্যায়েও শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। শ্রেষ্ঠ বেসরকারি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি। এছাড়াও গুলশাখালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, পরিবার কল্যাণ কর্মকর্তা গোলাম ফরিদ মজুমদার, পরিবার কল্যাণ পরিদর্শিকা নাহিদা আক্তার যিনি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরিদর্শিকা নির্বাচিত হয়েছেন, পরিবার পরিকল্পনা সহকারী রফিকুল ইসলাম এবং পরিবার কল্যান সহকারী কুলসুমা বেগম।
