রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় মঙ্গলবার ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভিষ্ট (এসডিজি) বাস্তবায়ন’ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিট (জিআইইউ) এর সহযোগিতায় উপজেলা শিল্পকলা একাডেমীতে কর্মশালাটি আয়োজন করেন বিলাইছড়ি উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (অ:দা:) আশরাফ আহমেদ রাসেলের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা। এসময় আরও উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান রবিন তঞ্চঙ্গ্যা ও উৎপলা চাকমা, থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আলী এবং কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ।
কর্মশালায় উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ, রাজনৈতিক নের্তবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৮টি গ্রুপে বিভক্ত করে প্রত্যেকটি গ্রুপ এসডিজি বাস্তবায়নে বিভিন্ন বিষয় উপস্থাপনার মাধ্যমে তুলে ধরেন।
