নিজস্ব প্রতিবেদক
স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারীরা কোন প্রতিশ্রুতি নিয়ে যুদ্ধে যায়নি। তারা দেশের লাল সবুজের পতাকাকে রক্ষা করতে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, মহান মুুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে তাঁরা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাঁদের ঋণ আমরা কখনোই শোধ করতে পারবো না। মহান মুক্তিযুদ্ধে যাঁরা অংশগ্রহণ করেছেন তাঁদের প্রতি আমরা বিন¤্র শ্রদ্ধা জানাই। শুক্রবার মহান বিজয় দিবসে রাঙামাটি জেলা আওয়ামীলীগের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন ও শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভায় দীপংকর তালুকদার এসব কথা বলেন। এসময় রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান বৃষকেতু চাকমা, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনসুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা, জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমা, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সাধারণ সম্পাদক প্রকাশ চাকমাসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙামাটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিজয় মিছিল সহকারে শহীদ মিনারে এসে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন। বিজয় মিছিলের নেতৃত্ব দেন জেলা আওয়ামীলীগ সভাপতি দীপংকর তালুকদার এমপি। বিজয় মিছিলে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে একে একে সকল স্তরের নেতা কর্মীরা শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ করেন।
Previous Articleরাঙামাটি ছাত্র ইউনিয়নের হানাদারমুক্ত দিবস পালন
Next Article রাঙামাটিতে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
