কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট(বিএসপিআই)এর প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আয়োজনে সুইডিশিয়ানদের পুনর্মিলনী ও আনন্দ শোভাযাত্রা শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১টায় বিএসপিআই এর প্রধান ফটক হতে প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসুইছাইন চৌধুরী।
এসময় ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ, প্রাক্তন সুইডিশ ছাত্র ছাত্রী পরিষদের সভাপতি প্রকৌশলী আহম্মদ কামাল চৌধুরীসহ প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রাটি লগগেইট হয়ে সুইডিশ মাঠ প্রদক্ষিণ করে ক্যাম্পাসে এসে শেষ হয়।
পরে এক আলোচনা সভা ও স্মৃতিচারণ সভা বিএসপিআইয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অত্র ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল মতিন হাওলাদার। পুনর্মিলনীতে প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
