সৈকত বাবু ॥
রাঙামাটি ডায়নামিক ফুটবল একাডেমি পরিদর্শন করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের(বাফুফে) প্রতিনিধি দল। বুধবার সকাল ৮ টায় রাঙামাটি মারী স্টেডিয়ামে একাডেমির প্রশিক্ষণার্থীদের অনুশীলন ও একাডেমির কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
সাবেক জাতীয় দলের ফুটবলার ও বর্তমান বাফুফের কোচ মাকছুদুল আলম বুলবুল এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেয়। রাঙামাটি ডায়নামিক ফুটবল একাডেমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের রাঙামাটিতে একমাত্র নিবন্ধিত একাডেমি। বাংলাদেশের নিবন্ধিত একাডেমি নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে বাফুফে প্রতিনিধি এ একাডেমি পরিদর্শন করেন।
মাকছুদুল আলম বুলবুল একাডেমির কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, রাঙামাটির মত জায়গায় এতো বড় একটি একাডেমি দেখে আমি সত্যিই অবাক হয়েছি। এই একাডেমির প্রশিক্ষণ প্রদানের পদ্ধতিও আধুনিক। এই একাডেমি এখানকার কর্মকর্তারা যেভাবে চালাচ্ছে তাতে নতুন নতুন ভালো মানের খেলোয়াড়ের সংকট রাঙামাটিতে হবে না এমনকি জাতীয় দলেও খেলোয়াড় তৈরির সামর্থ্য রাখে এ একাডেমি।
এ সময়ে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র ও রাঙামাটি ফুটবল এসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, ডায়নামিক ফুটবল একাডেমির সভাপতি ও সাবেক জাতীয় ফুটবল দলের খেলোয়াড় বরুণ বিকাশ দেওয়ান, একাডেমির সাধারণ সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার রতন বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মো: আব্দুস সবুর, জেলা ক্রীড়া সংস্থার সাবেক অতিরিক্ত সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, একাডেমির কোচ প্রদীপ বড়ুয়া, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ন কবীর, আশীষ কুমার নব, আবু তৈয়বসহ একাডেমির কর্মকর্তারা।
