নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে বোমাং সার্কেলের মৌজা হেডম্যানরা ১৯০০ সনের হিলট্র্যাক্ট বিধিমালা পুন:বহালের দাবিতে জেলা প্রশাসনের মাধ্যমে স্মারক লিপি দিয়েছে। বুধবার সকালে হেডম্যান এসোসিয়েশনের উদ্যোগে বিভিন্ন মৌজার হেডম্যানরা জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির কাছে এই স্মারকলিপি তুলে দেন।
এসময় অন্যান্যদের মধ্যে জেলা হেডম্যান কার্বারি এসোসিয়েশনের সভাপতি হেডম্যান দ হ্লাথোয়াই হৃ, সাধারণ সম্পাদক হেডম্যান উনিহ্লা মারমা, যুগ্ম সম্পাদক মুংনুচিং মারমা উপস্থিত ছিলেন।
এসোসিয়েশনের সভাপতি হেডম্যান দ হ্লাথোয়াইহৃ বলেন, ১৯০০ সনের পার্বত্য চট্টগ্রাম রেগুলেশনটি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীসমূহকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদানসহ এদের কৃষ্টি, সংস্কৃতি, ঐহিত্য ও সনাতনী রীতি ও প্রথাসমূহ সংরক্ষণের জন্য প্রণয়ন করা হয়। কিন্তু ২০০৩ সনে তৎকালীন সাম্প্রদায়িক সরকার ক্ষমতাসীন থাকাকালে হাইকোর্ট মামলাটিকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ২০১৭ সনে আপীল বিভাগ হাইকোর্ট এর রায়কে খারিজ করে ১৯০০ সনের রেগুলেশনকে বৈধ ও কার্যকর ঘোষণা করে। কিন্তু সম্প্রতী আইনটি আবারও আপীল বিভাগে রিভিউর জন্য উত্থিত হওয়ায় পার্বত্য অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষরা শঙ্কার মধ্যে পড়েছে। তাই পাহাড়ী জনগোষ্ঠীসমূহকে বিশেষ সুযোগ-সুবিধা প্রদানসহ এদের কৃষ্টি, সংস্কৃতি, ঐহিত্য ও প্রথা সমূহ সংরক্ষণের জন্য আইনটি বলবৎ রাখতে সরকারের কাছে আবেদন জানানো হয়।
