বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে কুহালং ইউনিয়নে প্রধান সড়কের পাশ থেকে হাতপা বাঁধা অবস্থায় এক বাঙালি তরুনীর গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার’রাতে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের রাঙামাটি, বাঙ্গালহালিয়া-বান্দরবান সড়কের জাহাঙ্গীরবাগ রাবার বাগান এলাকায় রাস্তার পাশ থেকে হাতপা বাঁধা অবস্থায় এক বাঙালি তরুণীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। বোরকা পড়া তরুনীর নাম রুপা আখতার (১৮)। সে রাঙামাটি জেলার বাঙ্গালহালিয়া ধৌলিয়া মুসলিম পাড়ার বাসিন্দার নূরুল ইসলামে কন্যা। লাশটি উদ্ধারের পর ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানায়, দুস্কৃতকারীদের হাতে নিহত রুপা আখতারের রাঙামাটির চন্দ্রঘোনার বাসিন্দার মো: হায়দার আলীর বিয়ে হয়েছিলো ছয়’মাস আগে। গতমাসের একত্রিশ জুলাই মেয়েটি বাবার বাড়িতে বেড়াতে এসেছিলো। গত শনিবার দুপুরে ভাবীকে বান্ধবীর বাসায় বেড়াতে যাবে বলে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু ভাবী বাঁধা দেয়ায় পরবর্তীতে চাচার বাসায় বেড়াতে যাবে বলে বেরিয়েছিলো। কিন্তু সন্ধ্যায়ও ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোজাখুজির পরও তাকে পায়নি। বিয়ের আগে রুপা আখতারের সাথে বাঙ্গালহালিয়া বাজারের কাজল হোসেন নামে এক যুবকের প্রেমের সম্পর্ক ছিলো। প্রেম সম্পর্কিত ঘটনায় তরুনীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, কুহালং ইউনিয়নের বান্দরবান-বাঙ্গালহালিয়া প্রধান সড়কের পাশ থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। মেয়েটির বাড়ি বাঙ্গালহালিয়া ধৌলিয়া মুসলিম পাড়ায়। লাশের ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যাকান্ডের বিস্তারিত কারণ জানা যাবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।
