বান্দরবান প্রতিনিধি
বান্দরবানে সেনাবাহিনী-পুলিশের যৌথবাহিনীর অভিযানে আগ্নেয়াস্ত্র’সহ চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে তাকে আটক করা হয়।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা জানায়, বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের ডলুপাড়া এলাকায় কেমবা পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে সেনাবাহিনী এবং পুলিশের যৌথ বাহিনীর একটি দল অভিযান চালায়। এসময় আগ্নেয়াস্ত্র এবং চাঁদার রশীদ’সহ একজন চাঁদাবাজ’কে আটক করা হয়। আটক ব্যক্তির নাম সুমন চাকমা (২৬)। সে পাহাড়ের আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতির সশস্ত্র চাঁদাবাজ গ্রুপের চাঁদা কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করত। পরে জিজ্ঞাসাবাদে তার বাড়ি থেকে ১টি দেশীয় তৈরি এলজি রাইফেল, চাঁদা সংগ্রহের রশিদ বই, ১টি মোবাইল সেট, ২টি মানিব্যাগ, চাঁদা আদায়ের নগদ ১০ হাজার টাকা ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করে যৌথ বাহিনী। আটকের পর জিজ্ঞাসাবাদ শেষে সদর থানা পুলিশের কাছে হস্থান্তর করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী জানান, আগ্নেয়াস্ত্র, চাঁদার রশীদ বই’সহ একজন চাঁদাবাজ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি’সহ অপরাধ মূলক বিভিন্ন কর্মকান্ডের অভিযোগ রয়েছে।
