বান্দরবান প্রতিনিধি ॥
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে লিটল স্টার ক্লাবের আয়োজনে টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বান্দরবানের পুরাতন রাজবাড়ির মাঠে এই টেবিল টেনিস টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা। এসময় বান্দরবান জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি দীপ্তি কুমার বড়–য়া, সমাজ ও মানবাধিকার কর্মী অং চ মং মারমা, লিটল স্টার ক্লাবের সভাপতি থুইসিংপ্রুলুবু, সাধারণ সম্পাদক ক্য উইন থোয়াই, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান চাইথোয়াইহ্লা চাক উপস্থিত ছিলেন।
এসময় সমাপনী অনুষ্ঠানে লিটল স্টার ক্লাবের সভাপতি থুইসিংপ্রুলুবু জানান, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবানে লিটল স্টার ক্লাবের আয়োজনে টেবিল টেনিস টুর্নামেন্ট শেষ হয়েছে এবং এবারের টুর্নামেন্টে একক, দ্বৈত, বিশেষ দ্বৈত বিভাগে ২০জন ক্রীড়াবিদ অংশ নিয়েছে। তিনি আরো বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে এবং বান্দরবানের যুব সমাজকে মাদকমুক্ত রাখতে এই ধরণের প্রতিযোগিতা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ কারাতে ফেডারশনের সাধারণ সম্পাদক ক্যশৈহ্লা বলেন, ক্রীড়াশক্তিই, ক্রীড়াই বল এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। শুধু ভালো খেলোয়াড় হলে চলবে না, নিজেকে একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে তৈরি করে ক্রীড়ার মানউন্নয়নে কাজ করতে হবে সবাইকে।
শেষে টেবিল টেনিস টুর্নামেন্ট একক পর্যায়ে বিজয়ী বামংসি, দ্বৈতপর্যায়ে বিজয়ী মিতুন কুমার বড়–য়া ও শামসুল আলম এবং বিশেষ দ্বৈতপর্যায়ে বিজয়ী মিতুন কুমার বড়–য়া ও বামংসিসহ প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের পুরস্কার প্রদান করেন অতিথিরা।
