নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে গরীব ও অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিসিএস উইমেন নেটওয়ার্কের উদ্যোগে বান্দরবানে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার জেরিন আখতার, সহকারী কমিশনার (ভূমি) মাহফুজা জেরিন, ডা: নাজনীন আহম্মেদ, ডা: মীনা আহমেদ, ডা.কেয়া নন্দী, ডা: তাফনীন ফারহানা আহমেদ, ডা: চোচো রাখাইন, ডা: তৌহিদা আক্তার, বান্দরবান সরকারি কলেজের প্রভাষক আফরোজা সুলতানা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: কায়েসুর রহমান, নেজারত ডেপুটি কালেক্টর মো: জাকির হোসেন’সহ বিসিএস উইমেন নেটওয়ার্ক এর সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বান্দরবান পৌরসভা এবং সদর উপজেলার বিভিন্ন স্থানে বসবাসরত ৫ শতাধিক গরীব, অসহায় দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এছাড়াও বম সম্প্রদায় অধ্যুষিত লাইমী পাড়া এবং ফারুক পাড়া পাহাড়ি গ্রামেও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, বিসিএস উইমেন নেটওয়ার্ক সারাদেশে বিভিন্ন উন্নয়নমুলক কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বান্দরবান জেলায়ও শীতার্তদের জন্য শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ কার্যক্রম হাতে নিয়েছে। শুধুমাত্র পৌর এলাকার মধ্যেই সীমাবদ্ধ নেই। পাহাড়ি গ্রামগুলোতে খোঁজ-খবর নিয়ে ঘরে ঘরে শীতবস্ত্র পৌঁছে দেয়া হচ্ছে। দরিদ্র শীতার্ত মানুষের সহযোগিতায় সকলের এগিয়ে আসা উচিত।
