নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানের সাতটি উপজেলায় প্রধানমন্ত্রীর মুজিববর্ষের উপহার ৩৩৯টি ঘর পেলো ভূমিহীন-গৃহহীন পরিবার। শনিবার সকালে বান্দরবান জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ্আনুষ্ঠানিকভাবে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি ভূমিহীন গৃহহীন পরিবারের মাঝে নতুন ঘর ও দুই শতাংশ জমির দলিল প্রদান করেন।
জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বান্দরবান সেনা ৬৯ রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জিয়াউল হক, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসান মাসুদ, জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটিএম কাউসার, অতিরিক্ত জেলা প্রশাসক মো. লুৎফুর রহমান’সহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রমতে, এ প্রকল্পের আওতায় বান্দরবান জেলায় সাতটি উপজেলায় ২ হাজার ১৩৪ টি বাড়ি পাবে ভূমিহীন ও গৃহহীন পরিবার। তারই ধারাবাহিকতায় প্রথম পর্যায়ে ৩৩৯টি বাড়ি পেলো ভূমিহীন পরিবার। এসব ঘর নির্মাণে সরকারের খরচ হচ্ছে ৫ কোটি ৭৯ লক্ষ ৬৯ হাজার টাকা।
অনুষ্ঠানে পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য চট্টগ্রামের ভূমিহীনদের পুনর্বাসনের পাশাপাশি সরকার গরীব অসহায়দের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছেন। পার্বত্যবাসীর ভাগ্য উন্নয়নে সহায়ক প্রকল্পগুলো বাস্তবায়নে নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পাহাড়ের কৃষকের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের ব্যবস্থা করা হচ্ছে। শিক্ষা, স্বাস্থ্য খাতের উন্নয়নে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যটন শিল্পের বিকাশ এবং স্থানায় পাহাড়ী জনগোষ্ঠীর কৃষ্টি কালচার সংরক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।
