বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে ৩০তম আন্তর্জাতিক ও ২৩তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন করা হয়েছে। শুক্রবার সকালে বান্দরবান জেলা প্রশাসন এবং জেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই দিবস উদযাপন করা হয়।
দিবসটি উপলকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজন করা হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, বান্দরবান সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মিল্টন মূহুরী, প্রতিবন্ধী কল্যাণ সংস্থা (প্রকস) এর নির্বাহী পরিচালক জর্জ ত্রিপুরাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, প্রতিবন্ধীরা এখন আর দেশের বোঝা নয়, দেশের উন্নয়নে প্রতিবন্ধীরাও কাজ করছে। এসময় তিনি আরো বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের কল্যাণে কাজ করছে এবং প্রতিবন্ধীদের জীবনযাত্রার মান উন্নয়নে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আমাদের সবাইকে সরকারের পাশাপাশি ব্যক্তি পর্যায়ে প্রতিবন্ধীদের পাশে দাঁড়াতে হবে আর তাহলে সমাজে কেউ আর প্রতিবন্ধী হয়ে সামনে থাকবে না।
আলোচনা সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে ৭টি স্মার্ট হোয়াইট ক্যান, ৫টি হুইল চেয়ার ও ২৫টি কম্বল বিতরণ করা হয়।
