নিজস্ব প্রতিবেদক, বান্দরবান ॥
বান্দরবানে কার্ডধারী নিম্নআয়ের মানুষদের মধ্যে ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার সকালে বান্দরবান পৌর এলাকায় কমমূল্যে ভোক্তাদের মাঝে টিসিবি পণ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি। এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক সুরাইয়া আক্তার সুইটি, এনডিসি কায়েসুর রহমান, ডিলার মোহাম্মদ রবিন উপস্থিত ছিলেন।
প্রশাসন ও টিসিবি ডিলার জানায়, জেলার সাতটি উপজেলায় ৩৪ ইউনিয়নের ৬৩ হাজার কার্ডধারী নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবির মাধ্যমে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করা হচ্ছে। কার্ডধারী ৬৩ হাজার পরিবার এ সুবিধা পাবে । পণ্যের মধ্যে প্রতিটি কার্ডের বিপরীতে ৪শ ৫টাকায় ২ লিটার সয়াবিন, ২ কেজি মসুর ডাল ও ১ কেজি চিনি পাচ্ছেন কার্ড হোল্ডাররা।
বিষয়টি নিশ্চিত করে বান্দরবান জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি বলেন, পৌরসভা এলাকায় প্রথম পর্যায়ে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ড পর্যায়ে গ্রামে গ্রামে এ কার্যক্রমে কার্ডধারী নিম্নআয়ের মানুষরা এ সুবিধা পাবেন।
