আওয়ামীলীগের জনসভায় ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বান্দরবানে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে আওয়ামীলীগের নেতাকর্মীরা। বুধবার বিকালে ২১শে আগস্ট গ্রেনেড হামলার বর্ষপূর্তিতে বান্দরবানে জেলা আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেছে। দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শফিকুর রহমান, কাজল কান্তি দাশ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক লক্ষী পদ দাস, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাহাদুর, পৌরশাখা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামশুল ইসলামসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সমাবেশে শফিকুর রহমান বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামীলীগকে নিচ্ছিহ্ন করার ষড়যন্ত্র সফল হয়নি বিএনপি জোটের। তারা এখনো আওয়ামীলীগকে ক্ষমতা থেকে সরাতে নানা ধরণের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। জঙ্গিবাদ নির্মূল্যে সরকারের কঠোর অবস্থানে খুশি নয় অনেকে। এদের বিরুদ্ধে আওয়ামীলীগের নেতাকর্মীদের সজাগ দৃষ্টি রাখতে হবে।