খাগড়াছড়ি প্রতিনিধি ॥
পবিত্র মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে খাগড়াছড়ি বাজারে মনিটরে নেমেছে প্রশাসন। বৃহস্পতিবার দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সপার মো: নাইমুল হকের নেতৃত্বে খাগড়াছড়ি শহরের সবজি, মাছ, মাংস খুচরা বাজারে বিভিন্ন দোকান পরিদর্শন করেন। এ সময় সব ব্যবসা প্রতিষ্ঠানে জনগণের পণ্য ক্রয়ের সুবিধার্থে পণ্যের বিক্রয় মূল্যের তালিকা টাঙিয়ে রাখার নির্দেশ দেন।
এ সময় জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান ও পুলিশ সুপার মো: নাইমুল হক বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়ানো যাবে না। অতিরিক্ত মুনাফার আশায় পঁচা, বাসি ও ভেজাল খাদ্যদ্রব্য যেন বিক্রি না হয় সেদিকেও জেলা ও পুলিশ প্রশাসনের নজড়দারি রাখবে এবং দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা জোরদার করা হবে বলেও জানানো হয়।
এ সময় খাগড়াছড়ি বাজার ব্যবসা সমিতির নেতৃবৃন্দসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
