রাঙামাটির বাঘাইছড়িতে সাত নিবাচনকর্মীকে ব্রাশফায়ার করে হত্যার ঘটনার চারদিন পর শুক্রবার সকালে নিহত আনসারের প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্তর খোয়া যাওয়া রাইফেলটি পাওয়া গেছে। হামলার সময় আনসার সদস্য মিহির কান্তি দত্তের সাথে থাকা ৩০৩ রাইফেল টি খোয়া যায়। ঘটনার চার দিন পর আজ শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিটে ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দক্ষিনে সড়কের পাশ থেকে খোয়া যাওয়া রাইফেলটি উদ্ধার হয়।
বাঘাইহাট জোন পরিচালিত তল্লাশি অভিযানের সময় এই খোয়া যাওয়া অস্ত্রটি উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন বাঘাইছড়ি উপজেলা আনসার কর্মকর্তা আবুল বাসার।
প্রসঙ্গত, রাঙামাটির বাঘাইছড়িতে গত ১৮ই মার্চ নির্বাচনী দায়িত্ব পালন শেষ করে সাজেকের তিনটি ভোট কেন্দ্র থেকে ভোট বাক্স সহ নির্বাচনী কাজে নিয়োজিত প্রিজাইডিং অফিসার,সহকারি প্রিজাইডিং অফিসার,পোলিং অফিসারসহ নিরাপত্তা কাজে নিয়োজিত আইনশৃংখলাবাহিনীর সদস্যরা ভোটগ্রহণ শেষে চারটি গাড়ীযোগে বাঘাইছড়ি ফেরার পথে নয়মাইল এলাকায় তাদের উপর সশস্ত্র হামলা চালানো হয়।
এতে দুই পোলিং অফিসার,চার আনসার সদস্য ও মন্টু চাকমা নামে অজ্ঞাত একজন নিহত হয়। এসময় আহত হন আরো অন্তত ১৫ জন। এদের মধ্যে ১১ জনকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চট্টগ্রাম ও ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে এবং তারা এখনো সেখানে চিকিৎসাধীন আছেন। নিহতদের মধ্যে ভিডিপি প্লাটুন কমান্ডার মিহির কান্তি দত্ত নিহত হন।
এই ঘটনায় বাঘাইছড়ির সাজেক থানার মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক(এসআই) মোঃ আক্তার আলী বাদী হয়ে অজ্ঞাত ৪০/৫০ জনকে আসামী করে বাঘাইছড়ি থানায় বুধবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানিয়েছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ এম মঞ্জুর আলম।
