মো. মহিউদ্দিন, বাঘাইছড়ি ॥
বাঘাইছড়ি বাজারে পাবলিক টয়লেটের দুরবস্থার কারণে বাজারে আসা ক্রেতা ও বিক্রেতারা টয়লেট ব্যবহার করতে পারছেন না। নিয়মিত পরিষ্কার না করার কারণে এমন অবস্থা রূপ নিয়েছে বলে জানিয়েছেন বাজারের ব্যবসায়ীরা। এদিকে পাবলিক টয়লেটের সমস্যা দ্রুত সমাধানের আশ^াস দিয়েছে পৌরসভার মেয়র।
সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, বাঘাইছড়ি পৌরসভা ২০১৯-২০২০ অর্থ বছরে নির্মিত পাবলিক টয়লেট, তদারকি করার মতো কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান না থাকায় বেশ কয়েক গজ দূর থেকেই নাকে আসছে দুর্গন্ধ। ভেতরের কমোডগুলো বাদামি রঙ ধারণ করেছে। দেখেই বোঝা যাচ্ছে, এতে পরিচ্ছন্নতার ছোঁয়া পড়েনি অনেক দিন। দরজাগুলোও মেরামতের অভাবে আধভাঙা অবস্থায়।
দূর দূরান্ত থেকে বাজারে আসা ক্রেতা-বিক্রেতা, বিভিন্ন ব্যবসায়ী, পথচারী, স্থানীয় দোকানদার, পর্যটক সহ সকল স্তরের মানুষের এ ভোগান্তি যেন উপজেলা সদরে আসা জনসাধারনের জন্য অভিশাপ হয়ে দাড়িয়েছে। পুরাতন জরাজীর্ণ টয়লেটগুলোর মেরামতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সাধারণ মানুষ।
পাবলিক টয়লেটের সামনে নাক চেপে দাঁড়িয়ে থাকা বাজারের এক ক্রেতা বলেন, অনেক দুর্গন্ধ, ভেতরের অবস্থাও খুব খারাপ। সব নোংরা হয়ে আছে। নেই পানির ব্যবস্থা, পাবলিক টয়লেটের সমস্যার সমাধান যে আর কবে হবে।
এ বিষয়ে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জাফর আলী খাঁন এর সাথে কথা বললে তিনি অতি দ্রুত সমস্যাটির সমাধান পূর্বক এ ভোগান্তি নিরসনকল্পে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছে।
