নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় জোড়া খুনের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান বড় ঋষি চাকমাকে প্রধান আসামি ও সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির ১২ নেতাকর্মীর নাম উল্লেখ সহ অজ্ঞাত ২০ জনকে আসামি করে বাঘাইছড়ি থানায় মামলা দায়ের করা হয়েছে। নিহত ইউপিডিএফ( গণতান্ত্রিক) দলের কমান্ডার জানং চাকমার ছোট ভাই এলিন চাকমা বৃহস্পতিবার রাতে বাঘাইছড়ি থানায় এই মামলা দায়ের করেন।
বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেপ্তারে অভিযান পরিচালনা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর বুধবার দুপুরে উপজেলার পাকুজ্জাছড়ি মারিশ্যা-দীঘিনালা সড়কের দুই কিলোমিটার এলাকায় জনসংহতি সমিতি ও ইউপিডিএফ (গণতান্ত্রিক) দলের মধ্যে ভয়াবহ গোলাগুলি সংগঠিত হয়। এতে জনসংহতি সমিতির সহকারী কম্পানি কমান্ডার তুজিম চাকমা ও ইউপিডিএফ(গণতান্ত্রিক) দলের পরিচালক জানং চাকমা ঘটনাস্থলে নিহত হয়। এই ঘটনায় মো. মনির একজন গুলিবিদ্ধ হয়।
