নিজস্ব প্রতিবেদক
রাঙামাটির নানিয়ারচর ও বাঘাইছড়ি উপজেলায় পৃথক অভিযানে প্রসিত খীসার নেতৃত্বাধীন ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিনকর্মীকে আটক করা হয়েছে। আটকের ঘটনায় অস্ত্র, গুলিসহ অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে নিরাপত্তাবাহিনী।
নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঘাইছড়ি উপজেলার করেঙ্গাতলীর উত্তরে বঙ্গলতলীতে অভিযান চালিয়ে ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২) নামের দুজনকে আটক করা হয়। এসময় তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইলফোন, নগদঅর্থ, এনআইডি কার্ড ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়। অভিযোগ রয়েছে, আটক ওমর চাকমা ও রকেট চাকমা করেঙ্গাতলী এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ইউপিডিএফের হয়ে এলাকায় ত্রাসের রাজস্ব চালিয়ে আসছে। তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের দুজনকে বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে জেলার নানিয়ারচর উপজেলাতেও শুক্রবার ভোররাতে একটি থ্রি নট থ্রি রাইফেল ও পাঁচ রাউন্ড গুলি, দুইটি চাঁদা আদায়ের রশিদ বইসহ আরেকজনকে আটক করা হয়েছে। আটক রূপায়ন চাকমা (৩৮) ওরফে গঙ্গামানি ইউপিডিএফের কর্মী বলে জানিয়েছে নিরাপত্তাবাহিনী।
রাঙামাটির বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন খান জানান, ‘বাঘাইছড়িতে আটক দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তাদের বিরুদ্ধে পূর্বের কোন মামলা রয়েছে কিনা- আমরা সেটি যাচাই করছি।’
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির রহমান জানান, ‘আটক রূপায়ন চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।’
এদিকে ইউপিডিএফ মুখপাত্র ও সংগঠনটির সহযোগী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি অংগ্য মারমা বলেন, ‘আমাদের কর্মীরা সাংগঠনিক কাজ করার সময় তাদেরকে আটক করে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এ বিষয়ে আমরা আনুষ্ঠানিক বিবৃতি দেব।’
