আয়তনে দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়িতে বিগত ১৬ বছর ধরেই সভাপতির দায়িত্ব পালন করা বৃষ কেতু চাকমা ফের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান হিসেবে কাজ করা বৃষ কেতুর সাথে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক,যুগ্ম সম্পাদকের দায়িত্ব পালন করে আসা একসময়কার সাংবাদিক গিয়াসউদ্দিন,যিনি একসময় ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
শনিবার বাঘাইছড়িতে অনুষ্ঠিত সম্মেলনে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়। সভাপতি পদে কোন প্রার্থী শেষাবধি না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতাতেই নির্বাচিত হয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু। তবে সাধারন সম্পাদক পদে তুমুল লড়াই করেছেন বিদায়ী কমিটির সাধারন সম্পাদক আলী হোসেন ও নব নির্বাচিত গিয়াদউদ্দিন। ৩৩০ জন কাউন্সিলরের মধ্যে ২৮৮ জন ভোট প্রদান করেন এবং কাকতালীয়ভাবেই আলী হোসেন ১৪৪ ভোট ও গিয়াসউদ্দিনও ১৪৪ ভোট পেয়েছেন !
সমানসংখ্যক ভোটের এই ব্যতিক্রমি লড়াইয়ে বিস্মিত নির্বাচন পরিচালনকারি জেলা নেতারা তাৎক্ষনিক লটারির সিদ্ধান্ত দিলে দুই প্রতিদ্বন্ধি প্রার্থীই সেটা মেনে নেন। কিন্তু বিধি বাম। লটারিতে বিজয়ী হয়ে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব হারান বিদায়ী সভাপতি আলী হোসেন আর দায়িত্ব পান গিয়াসউদ্দিন।
ফলে ২০০৩ সালে উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব নেয়া বৃষ কেতু চাকমার সাথে এই মেয়াদে সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন গিয়াসউদ্দিন।
সম্মেলন ও কাউন্সিলে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের আসন্ন কাউন্সিলে সাধারন সম্পাদক পদের সম্ভাব্য দুই প্রার্থী বর্তমান সাধারন সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর এবং সাবেক সাধারন সম্পাদক হাজী কামালউদ্দিন। ছিলেন আওয়ামলীগ নেতা ও রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেলসহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনসমূহের দায়িত্বশীল নেতারা।
