গত ১৮ মার্চ ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সাজেকের তিন কেন্দ্রে দায়িত্ব পালন শেষে ব্যালেট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম নিয়ে ফেরার পথে বাঘাইছড়িতে সন্ত্রাসীদের গুলিতে আহত শিক্ষক ফুলকুমারী চাকমার উন্নত চিকিৎসার দাবিতে মানববন্ধন করেছে লংগদুতে কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক নেতা স্বর্ণকান্তি চাকমা’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা সুনীতি চাকমা, জাহাঙ্গীর আলম, সূচিত্রা চাকমা প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ফুলকুমারী চাকমা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন করতে গিয়ে মারাত্মক আহত হয়ে আজ মৃত্যুর সাথে লড়াই করছে। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। তার পরিবারের পক্ষে এ চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব না। এসময় বক্তারা ফুলকুমারী চাকমার উন্নত চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শিক্ষকরা।
উল্লেখ্য, আহত ফুলকুমারী চাকমা মেরুদন্ডের আঘাত নিয়ে বর্তমানে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তার উন্নত চিকিৎসা প্রয়োজন। এজন্য তাকে দেশের বাইরে নিতে হবে।