বাঘাইছড়ি প্রতিনিধি ॥
ভারত সীমান্তবর্তী রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হঠাৎ করোনা শনাক্তের হার বেড়েছে। ভারতের মিজোরাম সীমান্তবর্তী এই উপজেলায় দীর্ঘদিন করোনা শনাক্তের হার শূন্যের কোঠায় থাকলেও রবিবারের করোনা নমুনা পরীক্ষায় ছয়জনের শরীরে করোনা শনাক্ত হয়। আক্রান্ত ৪ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন ও দুইজনকে নিজ বাড়িতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম।
এদিকে উপজেলায় হঠাৎ করোনা সনাক্তের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাড়তি সচেতনতায় রবিবার বিকেলে মাইকিংয়ের পাশাপাশি উপজেলার বিভিন্ন হাটবাজার ও বিপণী বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এসময় মাস্ক পরিধান না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় বেশ কয়েকজন পথচারী ও বিসমিল্লাহ হোটেলের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় পথচারিদের মাঝে মাস্ক বিতরণের পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।
