বাঘাইছড়ি প্রতিনিধি ॥
সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই আট ইউনিয়নের চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যসহ মোট ২৯৫ প্রার্থী মনোনয়ন জমা দেন। বুধবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল পর্যন্ত প্রার্থীরা উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়ন পত্র জমা করেন।
উপজেলা নির্বাচন অফিসার কার্যালয় থেকে জানা যায়, আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৬ প্রার্থী সাধারণ সদস্যপদে ১৯৭ প্রার্থী ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭২ প্রার্থী উপজেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।
এই আট ইউনিয়নে মোট ভোটার ৬৫৪১৪, এর মধ্যে পুরুষ ৩৪৫৭৮ ভোটার, নারী ভোটার ৩০৮৩৫ জন। সাধারণ ওয়ার্ড সংখ্যা ৭২টি, সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ২৪টি, মোট ভোট কেন্দ্র ৭৭টি, মোট ভোট কক্ষ ১৮৬টি, অস্থায়ী কক্ষ সংখ্যা ১৯টি বলে জানা যায়।
