নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য ভিক্ষু সংঘ বাংলাদেশ এর ৩য় সংঘরাজ ভদন্ত অভয়তিষ্য মহাথেরর ২য় মহাপ্রয়াণ বার্ষিকী উদযাপন উপলক্ষে সংঘরাজ ভদন্ত তিলোকানন্দ মহাথের ও উপ-সংঘরাজ ভদন্ত প্রজ্ঞানন্দ মহাথেরর গণ-সংবর্ধনা এবং ভদন্ত শীলভদ্রথেরর মহাথের বরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার শিজকমুখ সার্বজনীন বৌদ্ধ বিহার মাঠে এই মহতী পুণ্যানুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য ভিক্ষু সংঘের কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রদ্ধালংকার মহাথের’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। অন্যান্যে মধ্যে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, ঝর্ণা খীসাসহ অসংখ্য বৌদ্ধ ভিক্ষুও স্থানীয় গণ্যমান্যব্যক্তি উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার বলেন, পার্বত্য জেলাগুলোতে যেভাবে মারামারি খুনাখুনি হচ্ছে তা বন্ধ করতে হলে সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতে হবে, তাহলে এই পার্বত্য এলাকার শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব।
