রাঙামাটির বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের দজর এলাকার দুর্গম লুমপাড়া থেকে অস্ত্র, গোলাবারুদসহ জেএসএস (সন্তু) কর্মীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। আটকত অক্ষয় চাকমা (৪০) লুম পাড়ার নীল চন্দ্র চাকমার ছেলে। অপরদিকে জেএসএস এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অক্ষয়কে তাদের নিরীহ কর্মী বলে দাবি করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, দুর্গম এলাকায় আঞ্চলিক সংগঠনের সশস্ত্র কর্মীদের অবস্থানের গোপন সংবাদ পেয়ে সেখানে শুক্রবার ভোর রাতে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা। একটি পরিত্যক্ত বাড়িতে সন্ত্রাসীদের অবস্থান ছিল। অক্ষয়কে আটক করা সম্ভব হলেও অন্য সন্ত্রাসীরা সেনাবাহিনীর আগমন টের পেয়ে পালিয়ে যায়। উদ্ধার করা হয় একটি বিদেশি পিস্তল, পিস্তলের ১৩ রাউন্ড তাজা গুলি, এসএমজি’র ৩০ রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগজিন, সামরিক পোষাক, তাঁবু, ত্রিপালসহ সন্ত্রাসীদের ব্যাবহৃত বিভিন্ন সরাঞ্জামাদি।
শুক্রবার রাত পৌনে আটটায় বাঘাইছড়ি থানার দ্বিতীয় কর্মকর্তা এসআই মো. রুবেল মীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অক্ষয় চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলার দয়েরের প্রস্তুতি চলছে।
জেএসএস (সন্তু) বাঘাইছড়ি উপজেলার শাখার তথ্য ও প্রচার সম্পাদক দয়াসিন্দু চাকমা স্বাক্ষরিত এক লিখিত সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছেন, অক্ষয় জেএসএস এর অঙ্গসংগঠন যুব সমিতির লুম পাড়ার সাবেক সভাপতি ছিলেন। তিনি নিরীহ এবং সশস্ত্র সন্ত্রাসী নয় দাবি করে অক্ষয়ের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়েছে ওই প্রেস বিজ্ঞপ্তিতে।
১ Comment
ভুল তত্য