কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির কাপ্তাই উপজেলায় স্থানীয়দের হাতে ১৫ ফুট দৈর্ঘ্যের একটি অজগর ধরা পড়েছে। পরে অজগরটি বনে অবমুক্ত করেছে বন বিভাগ। অজগরটির ওজন প্রায় ২২ কেজি।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল আটটায় উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের পাশে রেশম গবেষণা কেন্দ্র এলাকার স্থানীয় তরণ মনি তঞ্চঙ্গ্যা অজগর সাপটি দেখতে পান এবং এটিকে বস্তাবন্দি করে বন বিভাগকে খবর দেন। পরে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা তানজিলুর রহমান উপস্থিত হয়ে অজগরটি উদ্ধার করে বন বিভাগের রাম পাহাড় বিটের কাপ্তাই ন্যাশনাল পার্কে নিয়ে অবমুক্ত করেন। এসময় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনতাসির জাহান এবং সহকারী বন সংরক্ষক গঙ্গা প্রসাদ চাকমা প্রমুখ উপস্থিতি ছিলেন।
কাপ্তাই ইউএনও মুনতাসির জাহান বলেন, ‘প্রায় সময়ই এই এলাকায় অজগর লোকালয়ে চলে আসে। আজও এমন ঘটনা ঘটলে সাপটিকে নিরাপদ আশ্রয় ছেড়ে দেয়া হয়েছে। গত কয়েক বছর যে কয়টি আজগর অবমুক্ত করা হয়েছে, এটি তার মধ্যে সবচেয়ে বড়।’
