ইয়াছিন রানা সোহেল ॥
বন্ধ হচ্ছেনা রাঙামাটির পর্যটন স্পট। তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি করা হবে। সকল পর্যটকবে মুখে মাস্ক পরে পর্যটন স্পটে ঢুকতে হবে এবং সেখানে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। বৃহস্পতিবার জেলাপ্রশাসনের এক জরুরী সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেলাপ্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সরকারের ১১দফা নির্দেশনা মানার ক্ষেত্রে সকলকে অনুরোধ করা হয়।
করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার ফলে বুধবার ঢাকার পাশাপাশি রাঙামাটি জেলাকেও রেড জোন ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। এরপর জেলাপ্রশাসনের পক্ষ থেকে জরুরি সভার আহবান করা হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল সাড়ে ১১টায় এ জরুরি সভা অনুষ্ঠিত হয়।
রাঙামাটি জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ মামুন, রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোহাম্মদ মোদ্দাছ্ছের হোসেন, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা সিভিল সার্জন ডা. বিপাশ খীসা প্রমূখ।
১১ দফা নির্দেশনার পাশাপাশি পর্যটন স্পটগুলোতে নজরদারি বাড়ানোর তাগিদ দেয়া হয়। আবাসিক হোটেলে পর্যটকদের জন্য পর্যাপ্ত স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখতে হবে। খাবার হোটেলগুলোতে যত অল্প সময়ে গ্রাহকদের সেবা দেয়া যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীও নজরদারি করবে। প্রতিদিন ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে। ট্যুরিস্ট বোটগুলোতে ধারনক্ষমতার অর্ধেক পর্যটক নেয়া এবং পর্যটকদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাগাদা দিতে হবে। প্রতি শুক্রবার ও শনিবার ছুটির দিনগুলোতে অভিযান বাড়ানো হবে বলেও সভায় জানানো হয়।
